রাজনীতি

মাকে দেখতে যাবেন তারেক রহমান, এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

মাকে দেখতে যাবেন তারেক রহমান, এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন। এ উপলক্ষে হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং হাসপাতালের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে কিছু নেতাকর্মী অবস্থান নিলেও নিরাপত্তাজনিত কারণে তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়। এরপর সড়কটি যান চলাচলের জন্য ফাঁকা রাখা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তারেক রহমান তার মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন—এই তথ্যের ভিত্তিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি ঢাকার ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন। সেখানে কর্মসূচি শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।