রাজনীতি

তারেক রহমান, নাহিদসহ শীর্ষ নেতাদের পেছনে ফেলে আয়ের শীর্ষে ভিপি নুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

তারেক রহমান, নাহিদসহ শীর্ষ নেতাদের পেছনে ফেলে আয়ের শীর্ষে ভিপি নুর
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমা দেওয়া হলফনামায় নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বার্ষিক আয়ের দৌড়ে তিনি দেশের বাঘা বাঘা রাজনৈতিক নেতাদেরও পেছনে ফেলে দিয়েছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া নুরের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, তার বার্ষিক আয় বিএনপি, জামায়াত ও নাগরিক শক্তির শীর্ষ নেতাদের ঘোষিত আয়ের চেয়েও বেশি। হলফনামা অনুযায়ী, পেশায় ব্যবসায়ী নুরুল হক নুরের বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা। যেখানে রাজপথের শীর্ষ নেতাদের আয়ের হিসাব থেকে দেখা যায় তাদের আয়:

তারেক রহমান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি): বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা।

ডা. শফিকুর রহমান (আমির, জামায়াতে ইসলামী): বার্ষিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা।

নাহিদ ইসলাম (আহ্বায়ক, এনসিপি): বার্ষিক আয় ১৬ লাখ টাকা।

অর্থাৎ, ঘোষিত আয়ের হিসেবে নুরের উপার্জন তারেক রহমানের চেয়ে প্রায় তিন গুণ এবং ডা. শফিকের চেয়ে প্রায় ছয় গুণ বেশি।

বার্ষিক আয়ে নুর শীর্ষে থাকলেও মোট সম্পদের হিসেবে কিন্তু এগিয়ে আছেন অন্যরা। তারেক রহমানের মোট সম্পদ দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ টাকার বেশি। অন্যদিকে ডা. শফিকুর রহমানের সম্পদ ১ কোটি ২ লাখ টাকা। সেখানে নুরের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯০ লাখ ৪৩ হাজার ৮৪১ টাকা। নুরের সম্পদের বড় একটি অংশ (প্রায় ৫৬ লাখ টাকা) এসেছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমানত থেকে।

একসময়কার ছাত্রনেতা নুরের বিরুদ্ধে বর্তমানে ৬টি মামলা চলমান রয়েছে, তবে এর আগে তিনি ৮টি মামলা থেকে রেহাই পেয়েছেন। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক নুরের স্ত্রী মারিয়া আক্তার একজন শিক্ষিকা, যার বার্ষিক আয় ১ লাখ ৯১ হাজার টাকা।

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে এবার ‘ট্রাক’ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন নুর। জোটগত সমঝোতায় সেখানে বিএনপি সরাসরি কোনো প্রার্থী না দিলেও সাবেক বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হলফনামার এই আয়ের হিসাব ভোটের মাঠে নুরের ভাবমূর্তি এবং সাধারণ মানুষের আলোচনায় এক নতুন মাত্রা যোগ করবে।