রাজনীতি

ভিপি সাদিক কায়েমকে ঐক্য জোরদারের পরামর্শ দিলেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

ভিপি সাদিক কায়েমকে ঐক্য জোরদারের পরামর্শ দিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, তারেক রহমান তাদের এবং দেশের ছাত্রসমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কিছু পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ডাকসু প্রতিনিধি দল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।

বৈঠকে তারেক রহমান বিএনপি, জামায়াতে ইসলামীসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, তারেক রহমান স্পষ্টভাবে উল্লেখ করেছেন—রাজনীতিতে মতভিন্নতা ও বিভাজন থাকা গণতন্ত্রের সৌন্দর্য হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। তিনি বলেন, “বিপ্লবের এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব।”

সাদিক কায়েম আরও বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে ছাত্র ও রাজনৈতিক শক্তির মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও বৈঠকে সতর্ক করা হয়।

তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশের মাটি ও মানুষকে ভালোবেসে ‘বাংলাদেশপন্থি’ রাজনীতি প্রতিষ্ঠা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আগামীর মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন তারেক রহমান।

বিগত ১৬ বছর তরুণ প্রজন্মের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার বিষয়টি তুলে ধরে ডাকসু ভিপি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে—এমন পরামর্শও দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।