রাজনীতি

ঢাকা-৯: তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

ঢাকা-৯: তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

তাসনিম জারা ছিলেন এনসিপির (নাগরিক সমাজ পার্টি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে দলের পদ থেকে পদত্যাগ করার পর তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারার মোট সম্পদ ১৯ লাখ টাকার আশপাশে। তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা, যা থেকে আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা। কোন মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনা নেই তার।

হলফনামায় দেখানো হয়েছে, তাসনিম জারার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট বা কৃষি/অকৃষি জমি নেই। তার অলংকার মূল্য আড়াই লাখ টাকা। ব্যাংকে নিজের নামে জমা আছে ১০ হাজার ১৯ টাকা, হাতে নগদ আছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। তার স্বামী খালেদা সাইফুল্লাহর হাতে নগদ আছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড।

তাসনিম জারার বছরে চাকরি থেকে আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। দেশের বাইরে আয় ৩২০০ পাউন্ড, স্বামীর বিদেশি আয় ৩৯,৮০০ পাউন্ড।

জারা পেশায় চিকিৎসক, তার স্বামী উদ্যোক্তা ও গবেষক। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৪ সালের ৭ অক্টোবর। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান, বাবা ফখরুল হাসান। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় বসবাস করছেন।