রাজনীতি

আসন ভাগাভাগি নিয়ে অচলাবস্থা, এনসিপিকে দশের বেশি আসন দিতে নারাজ জামায়াত!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

আসন ভাগাভাগি নিয়ে অচলাবস্থা, এনসিপিকে দশের বেশি আসন দিতে নারাজ জামায়াত!
ছবি: সংগৃহীত

জামায়াতের সঙ্গে জোট গঠনের সময় প্রাথমিকভাবে প্রায় ৩০টি আসন ছাড়ের বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত পর্যায়ে এসে তা ১০টির নিচে নামতে পারে বলে জানা গেছে। এতে এনসিপির একাধিক আলোচিত নেতা মনোনয়ন থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছেন, যা দলটির ভেতরে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

তবে নির্বাচনী কৌশলের কথা বিবেচনায় নিয়ে এখনই প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না জামায়াত কিংবা এনসিপির শীর্ষ নেতারা। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, যেসব আসনে জনভিত্তি ও জনপ্রিয়তা রয়েছে- সেসব জায়গায় শক্ত প্রার্থী রাখার নীতিতেই তারা অগ্রসর হচ্ছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, জামায়াতের সঙ্গে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও চলমান। তিনি বলেন, কয়েকটি আসনে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করেছে এবং ওইসব এলাকায় এনসিপির প্রার্থীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ হচ্ছে। তার আশা, খুব শিগগিরই আনুষ্ঠানিক সমঝোতা হলে জোটের শরিকরা একক প্রতীকে প্রচারণায় নামবে এবং সব বিভ্রান্তি দূর হবে।

অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন বলেন, সংগঠনের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি জানান, যেসব আসনে দল প্রার্থী দিয়েছে, সেখানে তারা প্রার্থীর পক্ষে পূর্ণ সহযোগিতা করবেন। তবে জোটের স্বার্থে প্রয়োজন হলে ছাড় দিতেও জামায়াত প্রস্তুত।

মোবারক হোসাইন আরও বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পরই স্পষ্ট হবে কোন আসনে কে চূড়ান্ত প্রার্থী থাকছেন। জোটকে অটুট রেখে নির্বাচন সম্পন্ন করাই তাদের মূল লক্ষ্য।

এনসিপি নেতা সরোয়ার তুষারও বলেন, আসন সংখ্যার বিষয়টি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা এলেই প্রকৃত চিত্র পরিষ্কার হবে।

সব মিলিয়ে, আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলেও জামায়াত-এনসিপি জোটের ভবিষ্যৎ নিয়ে নেতাদের বক্তব্যে এখনো ইতিবাচক মনোভাবই ফুটে উঠছে।