রাজনীতি

১১ দলীয় ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত : ১৭৯ আসনে জামায়াত, ৩০ আসনে এনসিপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম

১১ দলীয় ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত : ১৭৯ আসনে জামায়াত, ৩০ আসনে এনসিপি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের মধ্যে আসন ভাগাভাগির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চূড়ান্ত সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী মোট ১৭৯টি আসনে প্রার্থী দেবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিদ্বন্দ্বিতা করবে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে নির্বাচন করবে।

এছাড়াও ঐক্য জোটের শরিক দলগুলোর মধ্যে এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “কিছু আসনে এখনো মতপার্থক্য বা জটিলতা রয়েছে। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমার মধ্যে সেসব বিষয় সমাধান করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।” তিনি আরও বলেন, ঐক্য জোট একটি গ্রহণযোগ্য ও কার্যকর নির্বাচনি সমঝোতার মাধ্যমে জনগণের সামনে একটি শক্তিশালী বিকল্প উপস্থাপন করতে চায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জোবায়ের, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির নেতা আনোয়ারুল হক, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

নির্বাচনের মাঠে এই আসন ভাগাভাগির ঘোষণার মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনি প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।