রাজনীতি

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

নির্বাচনি পরিবেশ ও ভোটের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

নির্বাচনে জালভোটের মাধ্যমে তার প্রতীক ‘হাঁস’ চুরি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “সবাই খেয়াল রাখবেন— নির্বাচনে জালভোট দিয়ে আমার হাঁস চুরি করতে পারে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জালভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর ও দায়িত্বশীল ভূমিকা দাবি করেন।

এছাড়াও তিনি আরও বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষপর্যন্ত লড়াই করে যাব।

তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে আশ্বাস দেন তিনি।

উঠান বৈঠকে স্থানীয় নেতা ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা রুমিন ফারহানার বক্তব্যে সমর্থন জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং ভোটের দিন কেন্দ্র পাহারা ও ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।