রাজনীতি

নাহিদ ইসলামের হাতে ‘দাঁড়িপাল্লা–কলি’ প্রতীক তুলে দিলেন জামায়াত আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম

নাহিদ ইসলামের হাতে ‘দাঁড়িপাল্লা–কলি’ প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

১০ দলীয় জোটের সমন্বিত নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এই প্রতীক হস্তান্তর করা হয়। বক্তব্যের একপর্যায়ে জামায়াত আমির বলেন, “আজ অন্যদের হাতে দেব দাঁড়িপাল্লা, আর নাহিদ ইসলামের হাতে দেব পাল্লা-কলি।”

তার এই বক্তব্যে এনসিপির নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’র প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন উপস্থিত নেতাকর্মীরা।

জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, নতুন কোনো মোড়কে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে তাদের পরিণতিও হবে ৫ আগস্টের মতো।

সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।