রাজনীতি

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি
ছবিঃ সংগৃহিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি। রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টকে’ যোগ দিয়ে এ কথা বলেন তারেক রহমান ।

তরুণদের বিদেশে শিক্ষা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিদেশে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। তাদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি।

বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো যাবে। ‘তাই ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের’ বলে জানিয়েছেন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান বলেন, প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়নের চেষ্টা না করলে রাজনৈতিক দলের কোনো লাভ নেই, জনগণ তাদের পাশে থাকবে না।

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজি সমস্যা নানাভাবে সমাজে ছড়িয়ে রয়েছে। একটা সরকারের অনেক বার্তা অনেক কিছুকেই সমাধান করতে পারে। সরকারের বার্তা যদি থাকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে এই অপরাধ অনেকখানিই কমে যাবে।’

বিএনপি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে বিশেষ নজর দিতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, ‘আগামী ৫-১০ বছরে কী ধরনের ভোকেশনাল কাজ বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে, সেগুলো খুঁজে বের করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ এবং ভাষা শিখিয়ে যদি বিদেশে কাজে পাঠানো হয় তাহলে বিশেষ মানের শ্রমশক্তি রফতানি করা যাবে।’

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, শুধু হাসপাতাল নির্মাণ টেকসই সমাধান নয়। হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চায় বিএনপি।

এসময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্কুলগুলোকে অডিও-ভিজ্যুয়াল সংযোগের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সেরা শিক্ষকদের পাঠদান নিশ্চিত করা যাবে। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ডিভাইস সরবরাহের কথাও বলেন বিএনপির চেয়ারম্যান।