রাজনীতি
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি।
শনিবার রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের দলীয় প্রার্থী এবং দলের মহানগর ও জেলা বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের কথা জানান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) তার আগমন উপলক্ষ্যে বিএনপির ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
পরে বিএনপির ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও জামালপুর-৫ (সদর) আসনের প্রার্থী ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী ইঞ্জিরিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুসহ অন্য নেতারা জনসভাস্থল সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন।
এসময় বিভাগের বিভিন্ন জেলার ২৪টি আসনের দলীয় প্রার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।