রাজনীতি

ভাড়া করা মানুষ নিয়ে মিছিল বা কান ঝালাপালা মাইকিং নয়: তাসনিম জারা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

ভাড়া করা মানুষ নিয়ে মিছিল বা কান ঝালাপালা মাইকিং নয়: তাসনিম জারা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা মনে করেন, ভোট আদায়ে সবচেয়ে বড় শক্তি হলো মানুষের বিশ্বাস। ভাড়া করা লোক নিয়ে মিছিল করা বা উচ্চ শব্দের মাইকিং করে বিরক্ত সৃষ্টি করাকে তিনি রাজনীতির কার্যকর উপায় হিসেবে দেখেন না।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফুটবল প্রতীকের এই প্রার্থী এসব মতামত তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের জন্য মাত্র দেড় দিনের মধ্যে প্রায় পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছিল। সে সময় তিনি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বিস্মিত হন। অনেকেই এসে বলেন, তাঁদের সন্তান—যারা দেশের বাইরে থাকেন—ফোন করে অনুরোধ করেছেন তাসনিম জারাকে সহযোগিতা করতে। কেউ বলেন, ‘আমার ছেলে ফোন করে বলেছে আপনাকে সাহায্য করতে’, আবার কেউ বলেন, ‘আমেরিকায় থাকা মেয়ের অনুরোধে এসেছি সিগনেচার দিতে।’

tj.jpg

এই অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেন, মানুষ এখন রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তাদের আস্থাই একজন প্রার্থীর আসল শক্তি। তাঁর ভাষায়, “ভাড়া করা মানুষ নিয়ে মিছিল বা কান ঝালাপালা করে দেওয়া মাইকিং নয়—মানুষের বিশ্বাসই আমাদের শক্তি।”

নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই শহরজুড়ে পোস্টারে ছেয়ে যাওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তাসনিম জারা। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল এ নির্বাচনে পোস্টার লাগানো নিষিদ্ধ। কিন্তু অধিকাংশ প্রার্থী সেই নির্দেশনা উপেক্ষা করে শহরজুড়ে পোস্টার টানিয়েছেন।

রাজনীতির বাইরের একজন সাধারণ নাগরিক হিসেবে পোস্টারের জঞ্জাল ও উচ্চ শব্দের মাইকিং তাঁকে সব সময় বিরক্ত করত বলে জানান তিনি। সে কারণেই নিজের টিমকে পোস্টার না লাগানো এবং উচ্চ শব্দে মাইকিং না করার সিদ্ধান্ত জানান। তবে এতে তাঁর শুভাকাঙ্ক্ষীরা শঙ্কা প্রকাশ করেন। তাঁদের প্রশ্ন ছিল—পোস্টার ছাড়া মানুষ জানবে কীভাবে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন?

এই শঙ্কা যে একেবারে অমূলক ছিল না, সেটিও স্বীকার করেন তাসনিম জারা। এলাকায় গেলে অনেকেই ভালোবেসে অভিযোগ করতেন—তাঁর কোনো পোস্টার দেখা যায় না, তিনি আদৌ নির্বাচন করছেন কি না।

এই পরিস্থিতিতে প্রচলিত দাপটনির্ভর প্রচারণা ছাড়াই কীভাবে ভোটারদের কাছে পৌঁছানো যায়, তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি। তাসনিম জারা লেখেন, মানুষ কেন ভোট দেয়—এই মৌলিক প্রশ্ন থেকেই তারা ভাবনার শুরু করেন। বড় মিছিল বা কানের কাছে মাইক বাজলেই মানুষ ভোট দেয়—এমন ধারণাকে তিনি বাস্তবসম্মত মনে করেন না। বরং এসব কাজে বিরক্তিই বাড়ে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষ অংশে তাসনিম জারা ভোটারদের ‘প্রজেক্ট ঢাকা-৯’–এর ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানান।