রাজনীতি
ভোলা-৪ আসনে হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াতের হামলা
ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের তিন কর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।
বুধবার (২৮ জানুয়ারি) চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চলাকালে এ ঘটনা ঘটে। পরে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, হাত পাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের পক্ষে তার মেয়ে মারিয়া কামাল, দুই ভাইসহ কয়েকজন নারী কর্মী সকাল ৯টার দিকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী হিসেবে পরিচিত সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সোহেল ও আলাউদ্দিন দলবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে মারিয়া কামাল চরফ্যাশন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে বলেন, তিনি তার দুই ভাই ফয়সাল আহমেদ ও তাহজিবসহ ৭ থেকে ৮ জন নারী কর্মী নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। সে সময় জামায়াতের কয়েকজন কর্মী তাদের এলাকা ছাড়তে হুমকি দেন। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা দলবদ্ধভাবে হামলার শিকার হন। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহতদের চরফ্যাশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাত পাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা পরিকল্পিতভাবে তার নির্বাচনী প্রচারণা ব্যাহত করার চেষ্টা করছে। নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং এতে নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ঘটনার পর জামায়াতের কর্মী সোহেল ও আলাউদ্দিন মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মো. শরিফ বলেন, যদি দলের কোনো কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, উভয় পক্ষ মৌখিকভাবে তাকে ঘটনাটি অবগত করেছে। তবে তারা বিষয়টি নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন।