রাজনীতি
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনই দুই পক্ষের সংঘর্ষ
আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের একদিন পরই নির্বাচনী সভায় বক্তব্য দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ইস্রাফিল মোল্লা ও ওয়াদুদ মোল্লা, শাহাবুদ্দিন মোল্লা এবং চান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল। উভয় পক্ষই আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদি গ্রামে ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনী সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
সভা চলাকালে ইস্রাফিল মোল্লা দীর্ঘ সময় বক্তব্য দিলে ওয়াদুদ মোল্লার সমর্থক শহিদুল ইসলাম শান্ত নামের এক যুবক কটাক্ষ করে বাধা দেন। এ নিয়ে হাতাহাতির সৃষ্টি হলেও উপস্থিত নেতারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করেন।
তবে ওই ঘটনার জের ধরে বুধবার সকালে চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে দুই পক্ষ আবার মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রয়েছেন—লাবনী আক্তার (৪৫), ফাতেমা আক্তার (৩৬), অ্যাডভোকেট জাকারিয়া (৪০), লাভলু মোল্লা (৪৫), জাহিদ মোল্লা (৩৭), ইয়াদালী আলী মোল্লা (৪০), ইসরাফিল মোল্লা (৪৫), আব্দুর রহমান (২০), আনোয়ার মোল্লা (৫০), শাহাবুদ্দিন মোল্লা (৫৫), শহিদুল মোল্লা (৩০), সুমন (২৮) ও রাজন (৩০)।
গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা নিজেকে বিএনপি সমর্থক দাবি করে বলেন, মঙ্গলবার সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরেই বুধবার তাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পাশাপাশি তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ অভিযোগ অস্বীকার করে চান মিয়া বলেন, একটি ছোট ঘটনাকে অযথা বড় করে তোলা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, মঙ্গলবার ঘারুয়া ইউনিয়নের একটি সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরদিন বুধবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।