রাজনীতি

ভোলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি–জামায়াতের সংঘর্ষ, আহত ১৫


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

ভোলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি–জামায়াতের সংঘর্ষ, আহত ১৫
ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তারা বিএনপি কর্মী আয়ুব আলীর বাড়িতে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা।

বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান অভিযোগ করে বলেন, বিএনপি কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এতে তাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হন এবং গুরুতর দুইজনকে ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে জামায়াতের অভিযোগ অস্বীকার করে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী মো. আজম বলেন, জামায়াত নেতাকর্মীরাই তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং বাড়িঘরে ভাঙচুর করেছে। আহত বিএনপি নেতাকর্মীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।