রাজনীতি

তারেক রহমানের বরিশাল সফর ঘিরে উৎসবমুখর বিএনপি, নগরীতে স্বাগত মিছিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

তারেক রহমানের বরিশাল সফর ঘিরে উৎসবমুখর বিএনপি, নগরীতে স্বাগত মিছিল
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে পুরো বিভাগজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। দীর্ঘ দুই দশক পর তাঁর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) তারেক রহমান বরিশালে নির্বাচনী সফরে আসছেন। এ উপলক্ষে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বরিশাল নগরীতে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এদিন নগরীর বিভিন্ন এলাকায় তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও খালেদা জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল। পাশাপাশি বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরও পৃথক পৃথক মিছিল করতে দেখা যায়।

বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘চেয়ারম্যানকে স্বাগত জানাতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ বিভাগ, মহানগর এবং আটটি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দকে সফরের বিষয়টি জানানো হয়েছে। জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা জনসভায় অংশ নেবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল ৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফর করছেন তিনি। নেতাকর্মীদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।