রাজনীতি
বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার জামায়াত আমিরের ক্ষমতার বলি: ছাত্রদল সভাপতি
বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি এ ঘটনাকে ‘জামায়াত আমিরের ক্ষমতার বলি’ বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাকিব এসব অভিযোগ তোলেন। পোস্টে তিনি জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ওই সহকারী প্রোগ্রামারকে তার নিজ বাসা থেকে আটক করা হয়।
রাকিবুল ইসলাম রাকিবের দাবি, আটকের প্রায় ৩৫ ঘণ্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি। অথচ সংবিধান ও ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখা আইনসম্মত নয়।

ছাত্রদল সভাপতি আরও বলেন, একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারীকে এভাবে আটকে রেখে হয়রানি করা ক্ষমতার স্পষ্ট অপব্যবহার। বিষয়টি আইনের পরিপন্থী এবং মানবাধিকারের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি অবিলম্বে আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট ও গণমাধ্যমের সামনে উপস্থাপনের দাবি জানিয়ে বলেন, যেহেতু তাকে আইনবহির্ভূতভাবে আটক রাখা হয়েছে, তাই আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উচিত তাকে জামিনে মুক্তি দেওয়া।