রাজনীতি
জামায়াত ও এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে: মির্জা আব্বাস
ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা (এনসিপি)—এ মন্তব্য করে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, সরকারপ্রধান নিজেই বলেছেন, ওরাই তাকে বসিয়েছে। তাই জামায়াত ও এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী এখনো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। সেই শক্তিই প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে এবং নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা জামায়াত-সমর্থিত ব্যক্তিরা ভোটের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করতে পারে। পাশাপাশি কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আশায় বিদেশিদের সঙ্গে সমঝোতা করেছে বলেও তিনি দাবি করেন।
বিরোধীপক্ষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাঁকে উসকানি দিয়ে সংঘাতে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে তিনি নির্বাচনের আগে কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়াবেন না বলেও স্পষ্ট করেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় নেওয়ার জন্য পরিকল্পিত চেষ্টা চলছে। সেই চেষ্টা ব্যর্থ হলে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ভোট কারচুপির শঙ্কার কথা জানিয়ে মির্জা আব্বাস বলেন, নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দেওয়ার অপচেষ্টা হতে পারে। তিনি বলেন, বিএনপি একটি জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে মেনে নিতে না পারাই এই ষড়যন্ত্রের পেছনের মূল কারণ।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করলে তা মেনে নেওয়া হবে না। ষড়যন্ত্র ও মিথ্যার রাজনীতি বন্ধ করতে হবে এবং ভোটের ফলাফল নিয়েই সবাইকে ঘরে ফিরতে হবে।