রাজনীতি
‘বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুদের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে’
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেন, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং আমি যদি এমপি হই, তাহলে বরগুনা-২ আসনে সব হিন্দুদের জীবনের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে। আর কেউ যদি হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে তাদের চোখ উপড়ে ফেলা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার বামনা উপজেলার রামনা শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, এই সংসদীয় আসনে আমার আমলে কোনো চাঁদাবাজি ছিল না এবং কোনো চাঁদাবাজের স্থান বরগুনা-২ আসনে হয়নি। এই এলাকার সব উন্নয়নে আমার অবদান রয়েছে। বিগত দিনে কোনো কাজের বিনিময়ে আমি যদি কারো কাছ থেকে কোনো ঘুস খেয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আর যদি ভালো কাজ করে থাকি, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ ভোর ছয়টায় আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। আমি যদি যোগ্য হই, তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি ধানের শীষের একজন প্রার্থী।
ধানের শীষে ভোট দেবেন কেন ভোটারদের কাছে এই প্রশ্ন রেখে তিনি বলেন, আমি নুরুল ইসলাম মনি। আপনারা সবাই আমাকে চেনেন। কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী সুলতান সাহেবকে আপনারা কয়জন চেনেন? এই স্কুল মাঠ আমি বানিয়েছি, আমি এই মাঠে শতবার এসেছি। কিন্তু সুলতান সাহেব কতবার এসেছেন, আপনারা বলেন। একবারও তিনি আসেননি।
নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব ও শিল্পপতি মো. রুহুল আমিন শরিফ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন হাওলাদারসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।