রাজনীতি
রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান
একটি ভিন্নধর্মী রাষ্ট্র গড়তে হলে রাজনৈতিক চিন্তাভাবনায় মৌলিক পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
জাইমা রহমান বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের উপস্থিতি না থাকলে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন সম্ভব নয়। তাঁর মতে, ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত নারীদের অংশগ্রহণে ধারাবাহিকতা না থাকায় অনেক সম্ভাবনাময় নারী রাজনীতি থেকে ঝরে পড়ে। তাই নারী রাজনৈতিক কর্মী গড়ে তুলতে একটি সুসংগঠিত ‘পাইপলাইন’ তৈরির ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, নারীদের নেতৃত্ব বিকাশে মেন্টরশিপ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অর্থায়নের সুযোগও বাড়ানো জরুরি।