রাজনীতি
ঢাকা-৯ আসনে হাবিবের প্রতি ইনকিলাব মঞ্চের জাবেরের সমর্থন
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা-৯ আসনে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের প্রতি পরোক্ষ সমর্থন জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ অবস্থান জানান।
বার্তায় আব্দুল্লাহ আল জাবের লেখেন, মহিউদ্দিন রনি, নাসিরউদ্দিন পাটোয়ারী ও হাবিবুর রশীদ হাবিব—এই তিন প্রার্থীর কেউ নির্বাচনে জিতবেন কি না তা তিনি জানেন না। তিনি উল্লেখ করেন, দলীয় পরিচয়ের দিক থেকে তিনজনের অবস্থান ভিন্ন- একজন স্বতন্ত্র, একজন এনসিপির এবং একজন বিএনপির প্রার্থী।
একটি বিষয়ে তাদের মধ্যে মিল রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, তারা প্রকাশ্যে হাদি হত্যার বিচার দাবি করেছেন এবং ক্ষমতায় গেলে এ হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা তাদের জন্য ভোট চাই না। আপনি আপনার বিবেচনায় যাকে সবচেয়ে সৎ ও যোগ্য মনে করবেন, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।
বার্তার শেষাংশে তিনি লেখেন, যারা হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবেন এবং ইনসাফের লড়াইয়ে অটল থাকবেন, তাদের প্রতি ইনকিলাব মঞ্চের সমর্থন ও ভালোবাসা থাকবে। আজাদীর সন্তানেরা যুগে যুগে এই জমিনের সার্বভৌমত্ব ও ইনসাফ কায়েমের জন্য লড়াই করে যাবে, ইনশাআল্লাহ।