রাজনীতি
মেহেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৭
মেহেরপুরের দুটি আসনের চারটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াতের ১৬ জন এবং বিএনপির ১ জন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোটারদের যেতে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের ১০ জন কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিক একই সময় গাংনী উপজেলার ছাতিয়ান ভোটকেন্দ্রেও জামায়াতের ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াতের আরও ৪ জন আহত হন। তাদের মধ্যে ৩ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এ ছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষে বিএনপির এক কর্মী আহত হন।
অন্যদিকে, মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের ২ জন সমর্থক আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
মেহেরপুর পুলিশ সুপার (এসপি) উজ্জ্বল কুমার রায় জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।