রাজনীতি
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল এগিয়ে
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের দুটি কেন্দ্রের ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষ প্রতীকে তিনি দুই কেন্দ্র মিলিয়ে মোট ২ হাজার ৪৭১ ভোট পেয়েছেন।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল পান ১ হাজার ৭৭৭ ভোট। একই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৬১২ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম পান ২৬ ভোট।
অন্যদিকে দানারহাট আনসারীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের দেলাওয়ার হোসেন পান ১ হাজার ২১১ ভোট, ধানের শীষ পায় ৬৯৪ ভোট এবং হাতপাখা প্রতীক পায় ৫ ভোট। এ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫৮৪টি এবং ‘না’ ভোট ১৯৮টি।
দুটি কেন্দ্র মিলিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন মোট ১ হাজার ৮২৩ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। বিএনপি মহাসচিব নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী—বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম।