রাজনীতি
আ. লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি জয়লাভ করেছে: আসিফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি জয়লাভ করেছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর এবং পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত থেকেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হয়।
এখন পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।
উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস জিতেছে ২টি আসনে।