রাজনীতি
মসজিদের খতিব থেকে সংসদ সদস্য মুফতি আবুল হাসান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসন থেকে নির্বাচিত হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ৫৯ বছর বয়সী মুফতি আবুল হাসান। দীর্ঘদিন মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করা এই আলেম এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের ব্যানারে ‘দেয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে তিনি পান ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক ‘খেজুরগাছ’ প্রতীকে পান ৬৯ হাজার ৭৭৪ ভোট। ৯ হাজার ৫৮১ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আবুল হাসান।
পেশাগত জীবনে তিনি একজন ইমাম ও খতিব; পাশাপাশি মাদরাসায় শিক্ষকতা করেন। স্থানীয়ভাবে ইসলামী বক্তা হিসেবেও পরিচিতি রয়েছে তার। নির্বাচনে বিজয়ের পরদিনও তিনি যথারীতি মসজিদে ইমামতি করেন।
জয়ের প্রতিক্রিয়ায় মুফতি আবুল হাসান বলেন, তিনি দেশের ও মিল্লাতের খেদমতে কাজ করতে চান। তার ভাষায়, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের মুখে হাসি ফোটানোই হবে প্রধান লক্ষ্য। পিছিয়ে থাকা খাতগুলোতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথাও জানান তিনি।
জানা যায়, মুফতি মোহাম্মদ আবুল হাসান ১৯৬৬ সালের ১৫ অক্টোবর সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আব্দুল লতিফ ও মাতা মোছাম্মাৎ আছারুন বিবি। ১৯৯৩ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হন তিনি। বর্তমানে জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদরাসায় শিক্ষকতা করছেন। এছাড়া ২০০০ সালের জুন থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি।