রাজনীতি

রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে সংসদ: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে সংসদ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন জাতীয় সংসদই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব বলেন, ছাত্র-জনতার রক্তপাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায় সূচিত হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র।

তিনি আশা প্রকাশ করেন, এই সংসদ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্ব দেবে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে একটি বিকশিত লক্ষ্যের দিকে এগিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘ সময় পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের প্রক্রিয়াকে তিনি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে উল্লেখ করেন।

বিগত নির্বাচনগুলোতে সংসদ অকার্যকর ছিল—এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের সংসদ নেতা তারেক রহমান-এর নেতৃত্বে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে। অদূর ভবিষ্যতেই এর প্রতিফলন দেখা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে কাজ করতে চায় বিএনপি। দেশের স্বার্থ ও গণতন্ত্রকে সুসংহত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।