রাজনীতি

নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী
ছবিঃ সংগৃহিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা সবাই উনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। উনি যেন দেশ ও জাতির খেদমত করতে পারেন। উনাকে যেন আল্লাহ তায়ালা হেফাজতে রাখেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার খিলগাঁওয়ের নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

ধর্মমন্ত্রী বলেন, ফুলের মালা আমি নেব না। আমি চাই আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আর দুই রাকাত নফল নামাজ পড়ে তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি কোনদিন কল্পনাও করতে পারিনি দেশে এসে নির্বাচন করতে পারব এবং মন্ত্রী হব। সবকিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। পৃথিবীতে কারও কোন ক্ষমতা নাই এক আল্লাহ ছাড়া।  

তিনি আরও বলেন, আমার নেতাকর্মীরা কোনো অন্যায় কাজে জড়িত হলে, অনিয়ম দুর্নীতি করলে, আমি তাদেরকে দল থেকে বহিষ্কার করব। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এখন শুধু জনগণের কল্যাণে কাজ করব। জনগণ যেভাবে চায় সেভাবেই মুরাদনগরকে পরিচালিত করব। তারেক রহমান আমাকে যে সম্মান দিয়েছে, সে সম্মানের মর্যাদা আমি রক্ষা করব। এজন্য মুরাদনগরকে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদকমুক্ত করতে হবে। জনগণকে হয়রানি, জুলুম-অত্যাচার করা যাবে না। মাস্তানি করা যাবে না।

এ সময় তিনি নেতাকর্মীদেরকে ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে জীবিকা নির্বাহের পরামর্শ দেন।