রাজনীতি
ঝাড়ু হাতে নবনির্বাচিত এমপি শাহজাহান চৌধুরী
ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লোহাগাড়া বটতলী স্টেশন এলাকায় বটতলী শহর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পরপরই তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রিন সিটি, ক্লিন সিটি করতে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে।
শাহজাহান আরও বলেন, আমরা চাই লোহাগাড়া ও সাতকানিয়াকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও বটতলী শহর জামায়াতের আমির অধ্যাপক জালাল আহমদ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বটতলি শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নরুল আলম, জামায়াতে ইসলামীর বটতলি শহর শাখার সেক্রেটারি ডাক্তার আক্তার আহমদ, মাওলানা আকতারুল কামালসহ স্থানীয় নেতা ও দলীয় কর্মীরা।