রাজনীতি

ছাত্রদলের উদ্যোগে হিফযুল কোরআন ও তিলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

ছাত্রদলের উদ্যোগে হিফযুল কোরআন ও তিলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২) উদ্বোধন করা হয়েছে।

রোববার (০১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

রাকিবুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর সময়ে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হত। ছাত্রদল সেই ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে হিফযুল কোরআন ও তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছে।

তিনি আরও বলেন, আগামীতে ছাত্রদল হবে পলিসি–নির্ভর ও ওয়েলফেয়ার পলিটিকসের (কল্যাণ রাজনীতি) ছাত্রদল।

বববব.jpg

নাছির উদ্দীন জানান, আজকে এবং আগামীকাল সোমবার বাছাইপর্ব এবং আগামী ৪ মার্চ চূড়ান্ত প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।