রাজনীতি
ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন গয়েশ্বর
ঝাড়ু হাতে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল শনিবার (১৪ মার্চ) বিকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের রাস্তা পরিষ্কার কাজে অংশ নেন তিনি। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গয়েশ্বর।
সভায় গয়েশ্বর বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সব নাগরিকের দায়িত্ব। আমাদের চারপাশ পরিষ্কার রাখা নাগরিক কর্তব্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করে যেতে চাই।
তিনি বলেন, জনগণের স্বার্থে কথা বলতে কখনোই কারো পক্ষ বা বিপক্ষ বিবেচনা করি না। দেশের মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে আমি সব সময় সোচ্চার থাকি।
তিনি আরও বলেন, আমি জনগণের স্বার্থে আমার কথা বলে যাব। এতে কে খুশি হবে বা কে অসন্তুষ্ট হবে, তা আমার দেখার বিষয় নয়। দেশের মানুষ যে সমস্যার মধ্যে আছে, সেই বাস্তবতা তুলে ধরা এবং সমাধানের পথ খোঁজা আমাদের দায়িত্ব।
প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের স্বার্থকে প্রাধান্য না দিলে রাজনীতির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। তাই দেশের সার্বিক পরিস্থিতি ও মানুষের অধিকার রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহম্মেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।