রাজনীতি

বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না: চিফ হুইপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না: চিফ হুইপ
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বরগুনায় তিন দিনের সফরে এসে সার্কিট হাউজ সম্মেলনে কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, বর্তমান সংসদে বিরোধী দল অবশ্যই গুরুত্ব পাবে এবং তাদের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হবে। সংসদ হচ্ছে একটি স্বচ্ছ জায়গা। কিন্তু গত ১৭ বছর এখানে অস্বচ্ছতা ছিল না। এখন সংসদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ‌

তিনি মন্তব্য করেন, সংসদ একটি বিরোধী দলের জায়গা। এখানে কথা বলার জন্য সবারই অধিকার রয়েছে। 

এদিন বিকেলে বরগুনার সার্কিট হাউসে পৌঁছালে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করেন। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১টায় বরিশাল সার্কিট হাউজ পৌঁছে যোহরের নামাজ আদায় শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বরগুনা সার্কিট হাউজে পৌঁছান।