রাজনীতি

একমাত্র শেখ মুজিবুরের নেতৃত্বেই এদেশে মুক্তিযুদ্ধ হয়নি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম

একমাত্র শেখ মুজিবুরের নেতৃত্বেই এদেশে মুক্তিযুদ্ধ হয়নি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একমাত্র শেখ মুজিবুরের নেতৃত্বে নির্দেশে দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি। সেদিন (১৯৭১ সালে) শেখ মুজিবুর রহমান বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন তখন মহান স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ‘তেলিয়াপাড়া দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান ওই সময় গ্রেপ্তার হয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, ফলে দেশের অভ্যন্তরে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় বলে তিনি উল্লেখ করেন।

সভায় মির্জা ফখরুল দাবি করেন, তৎকালীন মেজর জিয়াউর রহমানের পরিকল্পনা অনুযায়ী কর্নেল এম এ জি ওসমানীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক রূপ পায়। তবে স্বাধীনতার ইতিহাসে ওসমানীর যথাযথ মূল্যায়ন হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় সেনা সদস্যরা পরামর্শ চাইলে তিনি অস্ত্র সমর্পণ না করার আহ্বান জানান এবং পরবর্তীতে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

এছাড়া ‘বিএনপি সংস্কার চায় না’—এমন প্রচারণাকে তিনি ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বলেন, জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি প্রবর্তনের মাধ্যমে দেশে রাজনৈতিক সংস্কারের সূচনা করেন। পরবর্তীতে খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে উত্তরণ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।