রাজনীতি
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর সফরে গেছেন।
সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা ফখরুল ও তার স্ত্রী নিয়মিত চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য এ সফরে যাচ্ছেন।
মির্জা ফখরুল এর আগে একাধিকবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। সর্বশেষ ২০২৫ সালের ৬ এপ্রিলও তিনি সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে কারাবন্দি থাকা অবস্থায় তার ঘাড়ের একটি আর্টারিতে ব্লক ধরা পড়ে। কারামুক্তির পর তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন এবং এর পর থেকে প্রতিবছর ফলোআপ চিকিৎসার জন্য সেখানে সফর করছেন।