রাজনীতি
হেফাজত আমিরের দোয়া নিলেন আসিফ মাহমুদ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আসন্ন রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমকে সামনে রেখে আমিরের দোয়া নেওয়াই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদের জন্য দোয়া করেন এবং নিজের রচিত একটি বই উপহার দেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ জানান, তিনি ব্যক্তিগতভাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, এর আগে কখনও মাদ্রাসাটি পরিদর্শন করা হয়নি এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পড়াশোনার পরিবেশ তাকে মুগ্ধ করেছে। পাশাপাশি তিনি শিগগিরই দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয়ভাবে তাকে অনুরোধ জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবেও এই সফর গুরুত্বপূর্ণ ছিল। তিনি আরও জানান, দলকে শক্তিশালী ও সংগঠিত করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং নতুন সদস্যও যুক্ত হচ্ছেন।
এদিকে, এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী ও মিডিয়া সেলের প্রধান রিদুয়ান হৃদয় জানান, চট্টগ্রামে দলীয় মতবিনিময় শেষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে।