রাজনীতি
রাকসুর ভিপি সালাহউদ্দিন আম্মারকে সতর্কবার্তা দিলেন ছাত্রদল সভাপতি রাকিব
ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে সতর্ক করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সম্প্রতি চট্টগ্রাম সরকারি সিটি কলেজকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও তার প্রভাব দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
ছাত্রদল সভাপতির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও পোস্টের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, নির্দিষ্ট কিছু পক্ষ ‘গুপ্ত রাজনীতি’ ও বিতর্কিত ফটোকার্ড ছড়িয়ে অস্থিরতা তৈরি করছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং সংগঠনের নেতাকর্মীদেরও উসকানিতে প্রতিক্রিয়া না দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরও সালাহউদ্দিন আম্মার আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক স্ট্যাটাস দিচ্ছেন। তার ভাষায়, অতীতেও তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে আপত্তিকর ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন।
ছাত্রদল সভাপতির দাবি, তাদের সংগঠন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে বিস্তৃত এবং দীর্ঘ সময় ধরে রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তিগত বা মানসিকভাবে আক্রমণাত্মক আচরণের দায় ছাত্রদল নেবে না। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
এ বিষয়ে সালাহউদ্দিন আম্মারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ক্যাম্পাসভিত্তিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই বক্তব্য-পাল্টা বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।