রাজনীতি

যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ এএম

যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার
ইসহাক সরকার। ছবি: সংগৃহীত

দলের ভেতরের সংকট, ব্যক্তিগত নিরাপত্তাহীনতা এবং শীর্ষ পর্যায়ের নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে রাজনৈতিক অবস্থান বদলের কারণ ব্যাখ্যা করেছেন সাবেক বিএনপি নেতা ইসহাক সরকার, যিনি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত ৫ আগস্টের পর থেকে নিজের দলেই তিনি চরম প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েন। তার দাবি, দলের কিছু সদস্য ও অনুপ্রবেশকারীদের কারণে তার ও তার পরিবারের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

ইসহাক সরকারের অভিযোগ, ওই সময় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে বিভিন্নভাবে অপপ্রচার ও হেনস্তা করা হয়। এসব বিষয়ে বিচার চেয়ে চেষ্টা করেও তিনি কোনো প্রতিকার পাননি বলে জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক নেতার কাছে নিজের অবস্থার কথা জানাতে গেলে তিনি অপমানজনক আচরণের শিকার হন। তার ভাষ্য অনুযায়ী, ওই নেতা তার কথা শুনতে অস্বীকৃতি জানান এবং তাকে তাড়িয়ে দেন। এ ঘটনায় তিনি গভীরভাবে কষ্ট পেয়েছেন বলেও উল্লেখ করেন।

ইসহাক সরকার বলেন, পূর্বে আন্দোলন-সংগ্রামের সময় ওই নেতার ডাকে সাড়া দিয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাই সেই নেতার কাছ থেকে এমন আচরণ তিনি কল্পনাও করেননি।

এছাড়া ৫ আগস্টের পর তার ওপর দুবার হামলা চালানো হলেও দলীয়ভাবে কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘদিনের এসব অভিজ্ঞতা, ক্ষোভ এবং বিচার না পাওয়ার হতাশা থেকেই নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সাক্ষাৎকারে জানান ইসহাক সরকার।