রাজনীতি
দুপুরে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় পহেলা মে উপলক্ষে শ্রমিক সমাবেশে এটিই তার প্রথম বক্তব্য হবে।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সমাবেশকে ঘিরে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। দলটির নেতারা আশা করছেন, ঢাকা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ ও নেতাকর্মী এতে অংশ নেবেন। কেন্দ্রীয় নেতাদের প্রত্যাশা, এ সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।