রাজনীতি

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:৪৬ পিএম

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১ 
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরে ঝটিকা মিছিল বের করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করা হয়। 

আজ শুক্রবার (০৮ মে) ভোরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়ক থেকে এ মিছিল বের হয়। আটক শামীম সিকদার সদর উপজলোর ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে ও পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মিছিলটি দমোদর ব্রিজ এলাকায় পৌঁছালে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় সবাই পালিয়ে গেলেও শামীম নামের একজনকে ধরে তারা পুলিশের কাছে সোপর্দ করেন। 

এদিকে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান বলেন, তারা শুধু মিছিল করেনি, বর্তমান সরকারকে নিয়ে আপত্তিকর শ্লোগান দিচ্ছিল। তাদের নাশকতা বা অসৎ কোনো উদ্দেশ্য ছিল, তাই আমরা তাদের প্রতিহত করে একজনকে ধরিয়ে দেই।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসান জানান, শুক্রবার ভোরে শহরেরর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়ক থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে শহরের দামদোর ব্রিজের কাছে রওনা দেয়। উত্তেজিত জনতা শামীমকে মিছিল থেকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।