রাজনীতি

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৪৭ পিএম

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
ছবিঃ সংগৃহিত

এ দেশের মানুষ জামায়াতে ইসলামীকে কখনই ক্ষমতায় আনবে না বলে দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ বুধবার (২০ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানস্থলে পৌঁছার পর এলজিআরডিমন্ত্রী পরিত্যক্ত বিমানবন্দরটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এই জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না। 

তিনি বলেন, একটা দল আছে, তারা ধর্মের নামে রাজনীতি করে। নামটা জানেন তো? এ সময় উপস্থিত জনতা চিৎকার করে বলে ওঠেন ‘জামায়াতে ইসলামী’।

এসময় মন্ত্রী জনতার উল্লাসের মধ্যে বলেন, নামটা জোরে বলতে হবে। মিথ্যা কথা বলে, ধর্মের কথা বলে এ দেশের রাজনীতি হবে না। সত্য কথা বলে রাজনীতি করতে হবে। 

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঠাকুরগাঁওয়ে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম, জাহিদুর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুধীজনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা