রাজনীতি
এনসিপি-জামায়াত প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না: রাশেদ খান
বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, এনসিপি ও জামায়াতে ইসলামী প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় না। তারা শরিয়া আইনের রাজনীতি করেও শরিয়া আইন থেকে দূরে থাকতে চায়।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামি গ্রেফতার করা। আসামি ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার হয়েছে। বাকিটা আইন মন্ত্রণালয়ের কাজ। আজকে আইনমন্ত্রীও বলেছেন ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করতে। প্রধানমন্ত্রী বলেছেন, দ্রুত বিচার হবে।’
তিনি আরও লেখেন, ‘এখন অনেকের দাবি প্রকাশ্যে ধর্ষণের শাস্তির আইন। হ্যাঁ, জনগণ চাইলে একটি রাষ্ট্রে সব হতে পারে। এমনকি শরিয়া আইনেও ধর্ষকের শাস্তি হতে পারে। জামায়াতে ইসলামী ও এনসিপি কি প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর চায়? চাইলে তারা বিবৃতি দিক বা সাংবাদিক সম্মেলন করে বলুক। এ বিষয়ে কনসেনসাসে আসলে সিদ্ধান্তে পৌঁছাতে সহজ হবে।’
রাশেদ খান দাবি করেন, ‘কিন্তু তারাও প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না। কিন্তু সব দোষ বিএনপির!’
পোস্টের শেষাংশে বিএনপির এ নেতা লেখেন, ‘শরিয়া আইনের রাজনীতি করেও যারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায়, তারা ইসলামিক দল হতে পারেনা!’