রাজনীতি
ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুদে চুয়াডাঙ্গা পৌর বিএনপি নেতাকে বহিষ্কার
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সরকারি ওএমএস কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানার ঘটনার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা বিএনপি।
গতকাল মঙ্গলবার ( ১৬ জুন) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে সোহেল আহমেদ মালিক সুজনের বিরুদ্ধে খাদ্যদ্রব্য, বিশেষ করে ওএমএসের চাল ও আটা অবৈধভাবে মজুদের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টিকে দলবিরোধী ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করেছে বিএনপি।
জেলা বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পর পাঁচ দিন আগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সুজনের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ওই নোটিশের কোনো জবাব দেননি। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দলের নেতা-কর্মীদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলা হয়, বহিষ্কৃত নেতা সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে সাংগঠনিক কোনো যোগাযোগ না রাখতে।
দলীয় সূত্রগুলো বলছে, শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি সম্প্রতি সাংগঠনিক অবস্থান আরও কঠোর করেছে। এর অংশ হিসেবেই চুয়াডাঙ্গায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা মনে করছেন।