রাজনীতি

সাংবাদিকদের প্রতি যে আহ্বান জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:১৭ এএম

সাংবাদিকদের প্রতি যে আহ্বান জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম 
ছবিঃ সংগৃহীত

জাতীয় একটি দৈনিকের প্রকাশক-সম্পাদকসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেফতারের ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।

গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য পাওয়া যায়। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এর প্রেক্ষিতে সবার প্রতি বিনীত অনুরোধ, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।

সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক-সম্পাদকসহ ছয় সাংবাদিককে নিয়ে উদ্ভুত ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশা করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন এবং গ্রেফতার সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন। একই সঙ্গে, যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক ও বগুড়া প্রেসসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ।

তাই এ ঘটনাকে কেন্দ্র করে মহান পেশা সাংবাদিকতায় কর্মরত সাংবাদিক সমাজের দু’পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়। সেদিকে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।  

পাশাপাশি প্রতিমন্ত্রী তার সম্পর্কে প্রচারিত বিভিন্ন অপতথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানান।