রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পদে বহাল চরমোনাই পীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পদে বহাল চরমোনাই পীর
ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কেন্দ্রীয় নেতৃত্ব পুনর্গঠন করেছে। এতে দলের আমির হিসেবে বহাল থাকছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একই সঙ্গে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

গতকাল শনিবার (২৭ জুন) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় নতুন প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলার পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়। দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে বর্তমান মহাসচিব ইউনুছ আহমাদকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। এছাড়া প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল আউয়াল, আবদুল হক আজাদ, মো. গিয়াসউদ্দিন খান, আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাহবুবুর রহমান এবং গাজী আতাউর রহমানসহ মোট ১১ জন নেতা।