রাজনীতি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে রাজুতে অনশন, ২৪ ঘণ্টার আলটিমেটাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে রাজুতে অনশন, ২৪ ঘণ্টার আলটিমেটাম
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি পালন করেছে ‘মঞ্চ-২৪’। 

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শুরু হওয়া এ কর্মসূচি থেকে সংগঠনটি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ‘জুলাই জনতা’র ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।

অনশনস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সরকারকে বৃহত্তর গণআন্দোলনের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে জুলাইয়ের বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফাহিম ফারুকী অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার সঙ্গে রাষ্ট্রপতির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে আইনের মুখোমুখি করা প্রয়োজন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির জন্য কোনো ধরনের ‘সেফ এক্সিট’ গ্রহণযোগ্য নয়; বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই দায় নির্ধারণ করতে হবে।

কর্মসূচির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, অনশনরত নেতাকর্মীরা বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজের শিকার হচ্ছেন। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে তারা রাতে অবস্থান করবেন না। তবে সরকারের পক্ষ থেকে শুক্রবার পর্যন্ত অপেক্ষার আহ্বান জানানো হওয়ায় ২৪ ঘণ্টা সময় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ফাহিম ফারুকী বলেন, “আমাদের এক দফা, এক দাবি—রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত অপসারণ ও গ্রেফতার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”