রাজনীতি
এমপি নজরুলের ভিডিও বিতর্কে এক মণ দুধে গোসল, জামায়াত নেতার দলত্যাগ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান ভিডিও বিতর্কের জেরে এবার এক মণ দুধ দিয়ে প্রতীকী গোসল করে জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের এক স্থানীয় নেতা। ঘটনাটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসীর উপস্থিতিতে এক মণ দুধ দিয়ে গোসল শেষে আনুষ্ঠানিকভাবে দলত্যাগের ঘোষণা দেন মো. দেলোয়ার হোসেন। তিনি হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা এবং নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভিডিও এবং তা নিয়ে সৃষ্ট বিতর্কের পর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দেলোয়ার হোসেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই তিনি দুধ দিয়ে গোসল করেন।
দলত্যাগের ঘোষণা দিয়ে দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনাটি তাকে গভীরভাবে মর্মাহত করেছে। একজন কর্মী হিসেবে তিনি বিষয়টি মেনে নিতে পারেননি। তাই বিবেকের তাড়নায় জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাদের মতে, গাজী নজরুল ইসলামকে ঘিরে যে অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
তবে এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন তাদের ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কি না, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিষয়টি যাচাই করে পরে জানানো হবে।