রাজনীতি

আপত্তিকর ভিডিও ভাইরালের পর ফরিদপুরে বিএনপি নেতা বহিষ্কার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৪২ এএম

আপত্তিকর ভিডিও ভাইরালের পর ফরিদপুরে বিএনপি নেতা বহিষ্কার
ছবিঃ সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান ও এক নারীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে বিষয়টি দলীয় সূত্রও নিশ্চিত করেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওবায়দুর রহমান ও এক নারীর প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জেলা বিএনপির বহিষ্কারাদেশে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’ একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পাওয়ার পর জেলা বিএনপির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “বিএনপি কোনো ধরনের অনৈতিক বা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”