রাজনীতি
প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ৮ সদস্যের একটি আংশিক কমিটি এবং পৃথক একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হন। এছাড়া শহীদ শরিফ ওসমান হাদিকে আজীবনের জন্য সংগঠনের মুখপাত্র ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের পর নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে ৮ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও জ্যেষ্ঠ সদস্যদের মূল্যায়নের লক্ষ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাবিরকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান আদনান। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাফিন শাররাজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত নেতৃত্ব সংগঠনকে একটি আদর্শিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছে। পাশাপাশি সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।