রাজনীতি

ইসির কাছে জামায়াতের ৯ দফা দাবি, অতিরিক্ত সচিবের নিয়োগ বাতিলের আহ্বান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

ইসির কাছে জামায়াতের ৯ দফা দাবি, অতিরিক্ত সচিবের নিয়োগ বাতিলের আহ্বান
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে ৯ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার প্রস্তাব প্রত্যাহার এবং কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।

আজ বুধবার (২৯ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এসব দাবি জানায়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় হতে পারে। তার দাবি, মো. সামসুল আলম বিএনপির নির্বাচনী আসন পুনর্নির্ধারণ কমিটির সদস্য ছিলেন। তাই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা উচিত।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসানো হলে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে।

জামায়াতের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে তারা সামসুল আলমের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি জানত না এবং সরকারই তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তবে দলটির মতে, কমিশনের উচিত ছিল এ নিয়োগের বিষয়ে আপত্তি জানানো।

এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য করার প্রস্তাবেরও বিরোধিতা করেছে জামায়াত। মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রেখে স্থানীয় সরকার নির্বাচনে বাধা দেওয়া বৈষম্যমূলক এবং এটি নাগরিক অধিকারের পরিপন্থী। এ বিষয়ে নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।

জামায়াত আরও দাবি করেছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার পাশাপাশি বর্তমানে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত রাজনৈতিক ব্যক্তিদেরও নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। দেশের নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য কমিশনের যে ক্ষমতা রয়েছে, তা আরও কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার ও শিশির মোহাম্মদ মনির উপস্থিত ছিলেন।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বৈঠকে অংশ নেন।