রাজনীতি
আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ তুলে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তিনি আর কোনো বক্তব্য দেবেন না। একই সঙ্গে হবিগঞ্জের হামলার ঘটনায় বিচার দাবি করে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এর আগে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তিনি।
সাংবাদিকদের পাটওয়ারী বলেন, “সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং গাড়িগুলো ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়েছে। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি নাকি বেশি কথা বলি। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি তারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে।”
হবিগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনায় বুধবার রাতে মামলা করা হয়েছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে মামলায় একজনের নাম সংশোধনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে সরকার যেন সুষ্ঠু বিচার নিশ্চিত করে। আমরা আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না।”
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আলিফের চোখটা ফেরত দিন। আমরা আর কিছু বলবো না। আমরা শুধু বিচার চাই।”