রাজনীতি

জামায়াত ও এনসিপির নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হবে না: রাশেদ খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম

জামায়াত ও এনসিপির নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হবে না: রাশেদ খান
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, জামায়াত ও এনসিপির নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হবে না। 

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাককের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। 

রাশেদ খান বলেন, আমরা এই সহনশীলতা ও ধৈর্যশীলতার রাজনীতি করছি। কিন্তু সরকারের এই সহনশীলতা ও আন্তরিকতাকে কেউ যদি দুর্বলতা মনে করে, তাহলে ভুল করবে। সেটি শুধুমাত্র আওয়ামী লীগ না, যারা বর্তমানে বিরোধী দল তারাও যদি মনে করে সরকারপ্রধানের মুখ থেকে আমরা তো মিষ্টি কথা শুনছি আর গণঅভ্যুত্থানের হুমকি দিয়ে আমাদের তো কিছু হচ্ছে না, তাহলে তারাও ভুল করবে।  

এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, জামায়াতের নেতৃত্বে বাংলাদেশে কখনো কোনো আন্দোলন সফল হয়েছে? জামায়াত কখনোই বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারবে না।  

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, আমি এতটুকুই স্পষ্ট করতে চাই, জামায়াত ও এনসিপির নেতৃত্বে বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না। ইতোমধ্যে তাদের এই আন্দোলন ও হুমকি-ধামকি দেখে মানুষ হাসাহাসি করতেছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, আর দিল্লিতে কবর হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে, এটি আমি বিশ্বাস করি না।  

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাথাওয়াত হোসেন প্রমুখ। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিয়োগ প্রাপ্ত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মস্থান ঝিনাইদহে দুদিনের সরকারি সফরে আসেন রাশেদ খান।