রাজনীতি

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে তোলপাড়, নিলামে তুলতে চান আসিফ মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে তোলপাড়, নিলামে তুলতে চান আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক কনসার্ট ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ভ্যানিটি ব্যাগ। ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওই আয়োজনে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার স্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত অবস্থায় তার স্ত্রীর হাতে থাকা একটি ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ঘিরে কেউ ব্যাগটির দাম ৫ লাখ, আবার কেউ ৬ লাখ টাকা বলে দাবি করেন। আওয়ামীপন্থি এক অ্যাক্টিভিস্ট ডাক্তার আইজুদ্দিনও ছবিটি পোস্ট করে ব্যাগটির দাম ৬ লাখ টাকা বলে উল্লেখ করেন।

অন্যদিকে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক নেতা আসিফ সৈকত একই ছবি পোস্ট করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। যদিও পরবর্তীতে তিনি তার পোস্টটি সরিয়ে নেন।

তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট যাচাই করে জানায়, আলোচিত ওই ব্যাগটির প্রকৃত দাম মাত্র ১৫৮০ টাকা।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক পোস্টে তিনি লেখেন, ব্যাগটি নিলামে তুলতে চান এবং যারা ৬ লাখ টাকা বলে গুজব ছড়িয়েছেন তারা কিনতে চাইলে কম দামে দিয়ে দেবেন। তিনি অভিযোগ করেন, নিয়মিত গুজব ও প্রোপাগান্ডার মাধ্যমে তাকে চরিত্রহননের শিকার হতে হচ্ছে।

আরেকটি পোস্টে ব্যাগটির ছবি শেয়ার করে তিনি রসিকতার ছলে লেখেন, ‘এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়। বিশেষ দ্রষ্টব্য: গুজববাজদের জন্য থাকছে ৮০ শতাংশ ছাড়।’